চট্টগ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী পটিয়া প্রেস ক্লাব দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ একটি চক্রের বিরুদ্ধে। প্রেস ক্লাবের দায়িত্বশীলদের দাবি, দীর্ঘদিন ধরে একটি পক্ষ বিভিন্ন কৌশলে সংগঠনটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত চক্রটি আওয়ামী লীগ-সমর্থক সাংবাদিক পরিচয়ধারী কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা করে প্রেস ক্লাবের কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। অভিযোগ রয়েছে, যাদের অনেকেরই পটিয়া প্রেস ক্লাবের বৈধ সদস্যপদ নেই, এমন ব্যক্তিদের সম্পৃক্ত করে ক্লাবের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এমনকি মোটা অঙ্কের অর্থ ব্যয়ের মাধ্যমেও প্রেস ক্লাব দখলের অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।
প্রেস ক্লাব সূত্র জানায়, কয়েকদিন ধরেই পরিকল্পিতভাবে বিভিন্ন তৎপরতা চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১টার দিকে বহিরাগত লোকজন নিয়ে প্রেস ক্লাবের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে সরে যান।
এ বিষয়ে পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুর হোসেন বলেন, “পটিয়া প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী ও পেশাদার সাংবাদিক সংগঠন। কিছু ব্যক্তি রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে বহিরাগতদের ব্যবহার করে প্রেস ক্লাবের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। যারা ক্লাবের সদস্য নন, তাদের মাধ্যমে কোনোভাবেই প্রেস ক্লাব পরিচালনা বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “প্রেস ক্লাব কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয়। এটি সাংবাদিকদের পেশাগত প্রতিষ্ঠান। এর স্বাধীনতা, মর্যাদা ও সুনাম রক্ষায় আমরা ঐক্যবদ্ধ রয়েছি। বহিরাগতদের মাধ্যমে প্রেস ক্লাব দখলের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাটি স্থানীয় সাংবাদিক সমাজে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রেস ক্লাবের স্বাভাবিক কার্যক্রম ও পেশাগত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
মন্তব্য করুন