
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের একটি সফল ও পরিকল্পিত অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ৭০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয় এবং একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবীর সরাসরি নেতৃত্বে থানার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। দীর্ঘ সময়ের গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে ছয়সূতী ইউনিয়নের লোকমানখারকান্দি এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারে অভিযান চালানো হয়।
অভিযানকালে পুলিশ সদস্যরা প্রাইভেটকারটিকে থামিয়ে তল্লাশি চালালে ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই বিল্লাল মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বিল্লাল মিয়া দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে কৌশলে বিভিন্ন জেলায় পাচার করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, উদ্ধারকৃত গাঁজার চালানটি অন্য জেলায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ নুরুন্নবী বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত ও চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে কুলিয়ারচর থানা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”
পুলিশের এমন ধারাবাহিক অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে প্রশাসনের এই কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন