
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে উম্মে রুম্মান লিনতা। তিনি উপজেলার দক্ষিণ চেঁচরী হারেছিয়া মোকছেদিয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
কাঠালিয়া উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে ও যাচাই-বাছাই শেষে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। যাচাই-বাছাই কার্যক্রমে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজীমসহ উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা।
শিক্ষা, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, আচরণ ও নৈতিক মানদণ্ডের ভিত্তিতে লিনতাকে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।
উম্মে রুম্মান লিনতা দক্ষিণ চেঁচরী হারেছিয়া মোকছেদিয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। তার ক্লাস রোল নম্বর ০১। ছোট বয়স থেকেই পড়াশোনায় মেধাবী ও শৃঙ্খলাপরায়ণ হিসেবে শিক্ষক ও সহপাঠীদের কাছে পরিচিত।
লিনতার পিতা মো. জাকির হোসেন উক্ত মাদ্রাসার সুপার এবং একই সঙ্গে কাঠালিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিক পরিবারের সন্তান হিসেবে লিনতা পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ চর্চায়ও অগ্রগামী বলে জানান সংশ্লিষ্টরা।
এ বিষয়ে মাদ্রাসার শিক্ষকরা বলেন, “লিনতা অত্যন্ত মেধাবী ও নিয়মিত শিক্ষার্থী। তার এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের। আমরা আশা করি, ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করবে।”
শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় উম্মে রুম্মান লিনতাকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মন্তব্য করুন