
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (রামপাল-মোংলা) বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সংখ্যালঘু হয়ে ভয় দেখিয়ে ভোটের রাজনীতি বন্ধ করা যাবে না। জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি, এবং সেই শক্তিকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্নাসী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ধানের শীষের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজাহারুল ইসলাম সাজু সভাপতিত্বে এবং হাওলাদার জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান (তুহিন), সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু এবং মল্লিকেরবেড় ইউনিয়নের সাবেক সভাপতি মো. আ. আলীম। বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের জানমাল, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পূর্ণমাত্রায় নিশ্চিত করা হবে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে জবাবদিহিতা প্রতিষ্ঠা করে দুর্নীতি ও দুঃশাসন বন্ধ করা হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব।
জনসভা শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদুল ইসলামকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার প্রকাশ করেন। সভায় কয়েক সহস্রাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন