
চাঁপাইনবাবগঞ্জে চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির নবগঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ওবাইদুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোহেল রানা।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলা শহরের বিশ্বরোড মোড় সংলগ্ন শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের তৃতীয় তলায় সমিতির কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
জানা যায়, নবগঠিত এ সমবায় সমিতির ২১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়েছে। এর মধ্য থেকে কণ্ঠভোটের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করা হয়।
নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যরা হলেন—সভাপতি: ওবাইদুল হক, সহ-সভাপতি: আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক: সোহেল রানা, কোষাধ্যক্ষ: আব্দুল কাদের জেলানী, কার্যকরী সদস্য: আব্দুস সাত্তার, কার্যকরী সদস্য: আল আমিন।
সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ওবাইদুল হক বলেন, নতুন এই দায়িত্ব অর্পণ করায় তিনি সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সদস্যদের দেওয়া এ পবিত্র দায়িত্ব তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের সর্বাত্মক চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, মৎস্যচাষীদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে সমিতির মাধ্যমে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সকল সদস্যকে সঙ্গে নিয়ে এসব পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে সংগঠনের নীতিমালা অনুসরণ করে সদস্যদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন