
দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঈদগাঁ মাঠে সীমান্তবর্তী ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বিতরণকৃত শীতবস্ত্র প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত দরিদ্র ও শীতার্ত জনগোষ্ঠীর শীতজনিত কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিজিবি কর্তৃপক্ষ। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকার মানুষের কল্যাণ ও জীবনমান উন্নয়নে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফসহ ইউনিটের অন্যান্য জুনিয়র কর্মকর্তা ও বিভিন্ন পদবীর বিজিবি সদস্যরা।
মানবিক এই উদ্যোগে উপকৃত সীমান্তবাসী ও স্থানীয় জনসাধারণ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে মানবকল্যাণে বিজিবির এমন ইতিবাচক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
মন্তব্য করুন