
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে ভান্ডারিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের জামিরতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার একটি টিম ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ভান্ডারিয়া পৌরসভার জামিরতলা এলাকার মোঃ বখতিয়ার শরীফের ছেলে মোঃ রাকিব শরীফ (২৮) এবং মোঃ রুস্তুম মুন্সীর ছেলে মোঃ মিরাজ মুন্সী (৩০)। পুলিশ জানায়, রাকিব শরীফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ৭টি মামলা রয়েছে। অপরদিকে মিরাজ মুন্সীর বিরুদ্ধেও ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, এলাকায় মাদক লেনদেনের তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও জানান, ভান্ডারিয়া উপজেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্কবার্তা দেন।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করেন, মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত অভিযান ও সামাজিক সচেতনতা কার্যক্রম জোরদার হলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ফল আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশ জানিয়েছে, মাদক সংক্রান্ত যেকোনো তথ্য গোপন রেখে প্রশাসনকে জানাতে জনগণের সহযোগিতা কাম্য।
মন্তব্য করুন