
সিলেটের বিয়ানীবাজারে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী ছাহেব রাহমাতুল্লাহ আলাইহি ট্রাষ্ট। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ট্রাস্টের উদ্যোগে দুবাগ গ্রামের নিজ বাড়িতে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গত ২৬ ফেব্রুয়ারি বাদ জোহর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাগ গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব আব্দুল জলিল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ গাজীর মোকাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুবাগ বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাদির। এছাড়া দক্ষিণ দুবাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কাজী আব্দুল কাদির, দুবাগ মক্তব মসজিদের ইমাম মাওলানা মাইনুল ইসলাম, দক্ষিণ দুবাগ বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুবাগ গ্রামের গর্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী ছাহেব (রাহমাতুল্লাহ আলাইহি) শুধু একজন বিশ্ববিখ্যাত মুফতি বা মুহাদ্দিসই ছিলেন না; মানবসেবায়ও তিনি ছিলেন অনন্য। তাঁর উদ্যোগ ও খেদমতের মাধ্যমে দেশ-বিদেশে দুবাগ গ্রামের পরিচিতি ও সুনাম ছড়িয়ে পড়ে।
বক্তারা আরও উল্লেখ করেন, জীবদ্দশায় তিনি বৃহত্তর সিলেটসহ বিভিন্ন এলাকায় গরিব, এতিম, বিধবা ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছেন। মসজিদ-মাদ্রাসা নির্মাণ, এতিমদের শিক্ষার ব্যবস্থা, অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, অসহায়দের ঘর নির্মাণ ও মেরামত, ঢেউটিন বিতরণ, টিউবওয়েল স্থাপন, চিকিৎসা সহায়তা এবং দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক অনুদানসহ নানা সেবামূলক কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন দুর্যোগ ও সংকটকালেও তিনি নীরবে মানুষের পাশে দাঁড়াতেন।
অনুষ্ঠানে বক্তারা তাঁর রেখে যাওয়া আদর্শ ও খেদমতের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, আল্লামা দুবাগী ছাহেবের তিনজন সুযোগ্য ছাহেবজাদা প্রবাসে অবস্থান করলেও দেশের অসহায় মানুষের কথা ভোলেননি; বরং নিয়মিতভাবে সহযোগিতা অব্যাহত রেখেছেন।
শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মালিক। উপস্থিত সবাই আল্লাহর দরবারে প্রার্থনা করেন, মহান আল্লাহ যেন আল্লামা দুবাগী ছাহেবের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং তাঁর খেদমত ও ঐতিহ্যকে কবুল করেন।
অনুষ্ঠান শেষে চাল, ডাল, আলু, ভোজ্য তেল, ছোলা ও ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করা হয়। এসব খাদ্য সহায়তা পেয়ে এলাকার গরিব ও অসহায় পরিবারগুলো সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
মন্তব্য করুন