
ময়মনসিংহ নগরীতে এক কলেজশিক্ষার্থীর ঘুম ভাঙাতে পুলিশ ও ফায়ার সার্ভিসকে ডাকতে হয়েছে। ঘটনাটি ঘটেছে নগরীর সানকিপাড়া এলাকার একটি ছাত্রবাসে।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীর নাম মো. সোহান মিয়া (১৮)। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা এবং ময়মনসিংহ নগরীর সানকিপাড়ার একটি মেসে থেকে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করছেন।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ময়মনসিংহের জ্যেষ্ঠ কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, সোহান সারারাত জেগে ভোরে ঘুমিয়ে পড়েন। এ সময় তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে রাখেন। সকালে সহপাঠীরা ফিরে এসে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে উদ্বিগ্ন হন। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমাতে থাকেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রায় ১২ ঘণ্টা পর বিকেল ৪টার দিকে দরজা ভেঙে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানা-র ইন্সপেক্টর (অপারেশন) মো. আজহারুল ইসলাম বলেন, “ছেলেটি ভোর রাতে ঘুমায়, তাই অনেক ডাকাডাকি করেও টের পায়নি। ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।”
মন্তব্য করুন