
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলা সদরের সোনালি মসজিদ থেকে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কয়েকজন কর্মী এ হামলা চালিয়েছে।
গত ১ মার্চ রাতে খুড়িয়াখালী গ্রামে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুম নিহতের পর থেকে শরণখোলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ২ ও ৩ মার্চ বিএনপি ও ছাত্রদলের একাধিক বিক্ষোভ সমাবেশে মাসুম হত্যার ঘটনায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের দায়ী করে বক্তব্য দেওয়া হয় এবং অভিযুক্তদের গ্রেপ্তারে সাত দিনের আল্টিমেটাম ঘোষণা করা হয়।
এ প্রেক্ষাপটে মঙ্গলবার রাতে বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম মোরেলগঞ্জে এক জরুরি সংবাদ সম্মেলন করেন। তিনি শরণখোলা ও মোরেলগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেন।
সংসদ সদস্য দাবি করেন, ছাত্রদল নেতা মাসুম হত্যাকাণ্ডে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে ছাত্রশিবির সভাপতি মিজানুর রহমানের ওপর হামলার নিন্দা জানিয়ে সকলকে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন