
বাগেরহাটের রামপাল উপজেলায় আলেমে দ্বীন শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (র.)-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের পাশাপাশি ইফতার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলা অডিটোরিয়ামে এ স্মরণসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মল্লিক আ. হাই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও বাগেরহাট জেলা আমীর মাওলানা রিজাউল করিম, কেন্দ্রীয় সূরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমীন অ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন। উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি শেখ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েলসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, তার পিতা শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (র.) ছিলেন একজন প্রখ্যাত কুরআন গবেষক ও ইসলামী চিন্তাবিদ। তিনি দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে দীর্ঘদিন ধরে কুরআন ও হাদিসের মর্মবাণী প্রচার করেছেন এবং মানুষকে ইসলামের সঠিক পথে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তার পিতার আদর্শ ও শিক্ষা আজও মানুষের মাঝে প্রেরণা জোগায়। ঘাতকদের নির্মম নৃশংসতার শিকার হয়ে তিনি শাহাদাৎ বরণ করেন। তিনি তার পিতার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
বক্তারা বলেন, শহীদ গাজী আবুবকর সিদ্দিক (র.) ছিলেন একজন প্রখ্যাত কুরআন গবেষক, ইসলাম প্রচারক ও এই অঞ্চলের একজন জনপ্রিয় রাজনীতিবিদ। তিনি ধর্মীয় শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও মানুষের কল্যাণে সারাজীবন কাজ করেছেন। তার আদর্শ ও কর্ম আজও অনেকের কাছে অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (র.)-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা জুলফিকার আলী। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন