
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে লোকালয়ে এসে একটি অজগর সাপ দিনমজুর পরিবারের একটি ছাগল গিলে খেয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রসুলপুর গ্রামের বন সংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী যুবক ফোরকান হাওলাদার জানান, ওই গ্রামের দিনমজুর সোহরাব ফরাজীর একটি ছাগল ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। ছাগলটি বাড়িতে ফিরে না আসায় সোহরাব তার ছাগলটি খুঁজতে থাকেন। একপর্যায়ে পাশ্ববর্তী একটি ঝোপের মধ্যে বিশাল অজগর সাপটি দেখতে পান। এরই মধ্যে সাপটি ছাগলটি আস্ত গিলে ফেলে।
খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে। এ সময় আস্ত ছাগল গিলে খাওয়া অজগর সাপটি দেখার জন্য শত শত মানুষ ভিড় জমান।
ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা অজগরটি তার সখের ছাগলটি আস্ত গিলে খেয়েছে। এতে তিনি অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।
সিপিজি সদস্য সগির সওদাগর জানান, সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বনবিভাগের মাধ্যমে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাপটি সুস্থ হলে খুব দ্রুত তাকে বনে অবমুক্ত করা হবে।
মন্তব্য করুন