
সাতক্ষীরা জেলায় সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে প্রাপ্ত খেজুর বিতরণকে কেন্দ্র করে প্রকাশ করা হয়েছে বিস্তারিত তালিকা। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ বুধবার (১১ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে খেজুর বিতরণের উপ-বরাদ্দের তালিকা প্রকাশ করেন।
পোস্টে এমপি মুহাম্মদ ইজ্জত উল্লাহ জানান, তিনি জবাবদিহিতায় বিশ্বাসী এবং জনগণের নাগরিক অধিকারের বিষয়ে সচেতন সমাজের যে দাবি ও প্রশ্ন রয়েছে, তা তিনি গুরুত্বের সঙ্গে দেখেন। এ জন্য খেজুর বরাদ্দ ও বিতরণ সংক্রান্ত তথ্য জনগণের সামনে তুলে ধরতে তিনি এই তালিকা প্রকাশ করেছেন। তিনি সচেতন নাগরিকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন, সমাজের এই সচেতনতা গণতন্ত্র ও জবাবদিহিতা শক্তিশালী করতে সহায়ক।
এমপি তার পোস্টে আরও উল্লেখ করেন, তালা-কলারোয়া এলাকায় সৌদি খেজুরের বরাদ্দ ও বিতরণ নিয়ে বিভিন্ন মাধ্যমে সচেতন মহল জানতে চাইছিলেন। সেই প্রেক্ষিতেই তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, এখনো জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট উপজেলাগুলোর অফিসে খেজুরের কার্টুনগুলো পৌঁছেনি। তবে বরাদ্দের পরিমাণ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছেছে। খেজুরগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে এতিমখানা, হেফজখানা এবং কওমি মাদ্রাসাগুলোতে বৈষম্যহীনভাবে সমভাবে বিতরণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা থেকে জারি করা এক স্মারকে জানানো হয়েছে, সৌদি আরব থেকে প্রাপ্ত মানবিক সহায়তার অংশ হিসেবে পাঠানো “উপহার সৌদি খেজুর” উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে উপ-বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক বরাদ্দ অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২–২০১৩ অনুসরণ করে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খেজুর বিতরণের নির্দেশ দিয়েছেন।
স্মারকে আরও বলা হয়, খেজুর বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সঠিক হিসাব সংরক্ষণ করতে হবে এবং তা নিরীক্ষার জন্য প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি পুরো বিতরণ কার্যক্রম শেষে একটি প্রতিবেদন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠাতে হবে।
প্রকাশিত তালিকা অনুযায়ী সাতক্ষীরা জেলার ৭৭টি ইউনিয়নে মোট ২০৭ কার্টুন সৌদি খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে ২৮ কার্টুন, দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে ১৩ কার্টুন, কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নে ৩০ কার্টুন, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ৩০ কার্টুন, সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৩২ কার্টুন, শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়নে ৩৪ কার্টুন এবং তালা উপজেলার ১২টি ইউনিয়নে ৩০ কার্টুন বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও স্থানীয়ভাবে বিতরণের জন্য অতিরিক্ত ১০ কার্টুন খেজুর সংরক্ষণ রাখা হয়েছে।
জানা গেছে, সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশে প্রতিবছর পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে খেজুর উপহার পাঠানো হয়, যা দেশের বিভিন্ন জেলায় প্রশাসনের মাধ্যমে দুঃস্থ, অসহায় মানুষ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়ে থাকে। সাতক্ষীরাতেও সেই ধারাবাহিকতায় এবার এই খেজুর বিতরণ করা হবে।
মন্তব্য করুন