
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক উদ্যোগের অংশ হিসেবে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) পানছড়ি উপজেলার সাব-জোন এলাকায় বিভিন্ন গ্রামের অসচ্ছল পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা সরাসরি উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, মুগ ডাল, চিনি, সেমাই, নুডুলস, সয়াবিন তেলসহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন পণ্য।
পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর জায়েদ-উর রহমান অয়ন বলেন, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা অব্যাহত থাকবে।
রমজান মাসে সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরাও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের পরিবারের জন্য স্বস্তি বয়ে এনেছে।
মন্তব্য করুন