
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় ৪ জনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ পদাতিক ডিভিশনের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি ৭.৬৫ মি.মি বিদেশি পিস্তল, দুটি .২২ ক্যালিবার বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি ১২ বোর পাইপগানসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের গোলাবারুদ, প্রায় ১৪০০ রাউন্ড এয়ারগানের অ্যামুনিশন এবং একটি ৩৬ ইঞ্চি তলোয়ারসহ ১৫টির বেশি ধারালো অস্ত্র জব্দ করা হয়।
এর পাশাপাশি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ অস্ত্র ও মাদক দমনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর যৌথ অভিযানে নিয়মিতভাবে অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।
মন্তব্য করুন