
ভোলার বিসিক শিল্প নগরীতে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘মেসার্স খান ফ্লাওয়ার মিল’ ও ‘জেকে ট্রেডার্স’ তীব্র জ্বালানি সংকটের কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় উৎপাদন ও পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক মো. জামাল উদ্দিন খান। এতে কারখানার প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী কর্মহীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে বিসিক শিল্প নগরীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামাল উদ্দিন খান জানান, তার প্রতিষ্ঠানের মজুত থাকা ডিজেল সম্পূর্ণ শেষ হয়ে গেছে। বর্তমানে নদী ঘাট থেকে গুদামে গম আনা এবং পণ্যবাহী ট্রাক চলাচলের জন্য কোনো তেল অবশিষ্ট নেই। এর ফলে ময়দা, ভূষি ও মুড়ির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ চেইন ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, উৎপাদিত পণ্যগুলো ভোলার দক্ষিণ আইচা থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত জেলার বিভিন্ন আনাচে-কানাচে নিজস্ব পরিবহনের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। ডিজেল সরবরাহ না পাওয়ায় চরফ্যাশন, লালমোহনসহ বিভিন্ন উপজেলায় পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না। তিনি অভিযোগ করেন, জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেও তিনি ডিজেল পাচ্ছেন না, যা তার শিল্প প্রতিষ্ঠান দুটিকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের কর্মসংস্থান টিকিয়ে রাখতে সরকারের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা। তারা জানান, দ্রুত ডিজেল সরবরাহ নিশ্চিত করা না গেলে জেলার বাজার ব্যবস্থাপনায় যেমন প্রভাব পড়বে, তেমনি বিপুল সংখ্যক মানুষ বেকার হয়ে পড়বে। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন