
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শ্রমিক দলের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতিতে এ বৈঠক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) কাঁঠালিয়া উপজেলা সদর ৪নং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী মল্লিক বাড়িতে এই নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রফিকুল ইসলাম জামাল। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উঠান বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাঁঠালিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মল্লিক। তিনি বলেন, “আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে রফিকুল ইসলাম জামাল ভাইকে বিজয়ী করেন, তাহলে কাঁঠালিয়াকে একটি সন্ত্রাস, ইয়াবা, ধান্দাবাজ ও চাঁদাবাজমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “রফিকুল ইসলাম জামাল একজন সৎ, যোগ্য ও আদর্শবান মানুষ। তাকে ভোট দিলে কাঁঠালিয়ায় শান্তি, শৃঙ্খলা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।”
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাঁঠালিয়া সদর ৪নং ইউনিয়নের ২নং ওয়ার্ডের উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম মল্লিক।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেন, “দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উন্নয়ন ও সুশাসন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে কাঁঠালিয়াকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং উন্নয়নবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলব।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কল্যাণেই কাজ করতে চাই।”
উঠান বৈঠকে নির্বাচনী প্রচারণার পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকাস্থ কাঁঠালিয়া কল্যাণ সমিতির সভাপতি মো. শামিম সিকদার, মো. জাকির হোসেন কবির হাওলাদার, মো. জলিল স্যারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক।
সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ রাজনীতিবিদ এবং সাধারণ ভোটাররাও অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকটি স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বক্তারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাঁঠালিয়ার জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করবে এবং একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী কাঁঠালিয়া গঠনে ভূমিকা রাখবে।
মন্তব্য করুন