
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে গাজী নজরুল ইসলামের সমর্থনে এক পথসভা ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নূরনগর ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
নূরনগর ইউনিয়ন অফিস কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগর বাজার, উত্তর হাজিপুর মুসা ইদ্রিস গেটসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন অফিসের সামনে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আসন্ন নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর পক্ষে জনসমর্থন আদায়ের আহ্বান জানান।
মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় জামায়াতে ইসলামী নূরনগর ইউনিয়ন আমীর ডা. আলহাজ্ব মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. গোলাম মোস্তফা।
বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের শিকার। শ্যামনগরসহ উপকূলীয় অঞ্চলের জনগণ বারবার অবহেলিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও অর্থনৈতিক সংকটের মধ্যেও এসব অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়নি। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশ গঠনের সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। একটি আধুনিক ও স্মার্ট সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে, যাতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি উপকৃত হয়। আগামী তিন বছরে গ্যাস, বিদ্যুৎ ও শিল্প খাতে অতিরিক্ত কর আরোপ করা হবে না বলেও তিনি আশ্বাস দেন।
প্রধান অতিথি বলেন, ব্যবসাবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি করা হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এতে করে তরুণ সমাজের বেকারত্ব কমবে এবং দেশের অর্থনৈতিক চাকা গতিশীল হবে। তিনি আসন্ন নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা আব্দুল মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকাত হোসেন বাবু, সহকারী সেক্রেটারি গাজী আশরাফুল আলম, বাইতুল মাল সম্পাদক আলহাজ্ব মো. আবুল হোসেন, অফিস সম্পাদক মো. আবুবক্কার, বিজ্ঞান ও তথ্য সম্পাদক গাজী নজরুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. ফারুক হোসেন, ইউনিয়ন পেশাজীবী সংগঠনের সভাপতি প্রভাষক ডা. আব্দুল্লাহ ইবনে ওয়াজেদ, সেক্রেটারি মো. রাশিদুল ইসলাম, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. হাসানুল বান্না, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূর আলম এবং ইউনিয়ন মিডিয়া প্রতিনিধি আবু হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভা ও মিছিল ঘিরে নূরনগর এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মন্তব্য করুন