
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ১৯টি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ১৫ প্লাটুন বিজিবি সদস্য।
এ উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার মাল্টিপারপাস শেডে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে। সাধারণ জনগণের ভোটাধিকার সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখবে। এ সময় তিনি আরও জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন উপলক্ষে জেলার সীমান্তবর্তী এলাকার কয়েকটি বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সহায়তায় নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে। বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলার ব্যবহার করে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি সীমান্ত নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন থাকবে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের শিবগঞ্জ উপজেলায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক ৩ প্লাটুন মোতায়েন করা হবে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওতাধীন ভোলাহাট উপজেলায় ৪ প্লাটুন, নাচোল উপজেলায় ২ প্লাটুন এবং গোমস্তাপুর উপজেলায় ২ প্লাটুন—মোট ১১ প্লাটুন দায়িত্ব পালন করবে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় ৪ প্লাটুন মোতায়েন করা হবে। ফলে পুরো জেলায় সর্বমোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, দেশের সব ৩০০টি সংসদীয় আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে। এসব ব্যবস্থার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজিবি কর্মকর্তারা।
মন্তব্য করুন