
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন তারা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) সারাদিন তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন, বাখোর আলী ও হায়াত মোড়সহ বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জেএসডি প্রার্থী সুমন চাঁপাইনবাবগঞ্জের সুপরিচিত জননেতা প্রয়াত এহসান আলী খাঁনের সুযোগ্য সন্তান। পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট চাইছেন বলে জানান স্থানীয়রা।
গণসংযোগকালে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ভোটারদের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
স্থানীয় জেএসডি নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের মধ্যে তারা প্রতীক নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে এবং এই গণসংযোগ নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
মন্তব্য করুন