
ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রুমিন ফারহানা-র সঙ্গে তার একাধিক ছবি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
জানা যায়, ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করা ভাবনা পরে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতে সরব এই অভিনেত্রী এবার ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে রুমিন ফারহানার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন ভাবনা। ছবিগুলোতে দুজনকে বেশ খোশমেজাজে দেখা যায়।
ছবির ক্যাপশনে ভাবনা লিখেছেন, “আমরা কি করছি একসাথে? অভিনয় নাকি অন্যকিছু, দেখা হচ্ছে ঈদে নাকি রুমিন ফারহানা আপা।” এর সঙ্গে তিনি ভালোবাসার ইমোজিও যুক্ত করেন।
এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ রসিকতা করে লিখেছেন, চাইলে ভাবনাও সংসদ সদস্য হতে পারতেন।
ছবি ও ক্যাপশন ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে নানা জল্পনা—তবে এটি কোনো নতুন কাজের ইঙ্গিত নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।
মন্তব্য করুন