রাজধানী ঢাকাসহ দেশের ১৫টি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৮ মার্চ) ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এই ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাস অনুযায়ী— ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে শুক্রবার রাতে প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বিশেষ করে নদী উপকূলীয় এলাকায় নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন