
বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জনগণ তার পাশে থাকায় প্রতিকূলতার মাঝেও তিনি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন। তাঁর নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই—ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানগুলোর ইতিহাসকে সাধারণ মানুষের সংগ্রামের অংশ হিসেবে স্মরণ করানো।
শনিবার (১০ জানুয়ারি) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে রুমিন ফারহানা কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, “৫২-এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদারের ত্যাগের ফলে হয়নি। সেই আন্দোলন করেছে কিছু ছাত্র ও সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের মধ্যে আমার বাবা অন্যতম। তাঁদের আত্মত্যাগে জনগণ দাবিতে জয়লাভ করেছে। একইভাবে মহান মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল।”
রুমিন আরও বলেন, “যুগে যুগে গণমানুষ যা চেয়েছে, সেটিই বাস্তবে অর্জিত হয়েছে। ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর গণঅভ্যুত্থান সবই সাধারণ মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের ৫ আগস্ট রাজপথে সাধারণ মানুষ আমার বাইরে দলের কোনো নেতাকে দেখেনি।” তিনি নিজেকে মাটির মানুষের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে বলেন, “যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি।”
অন্যদিকে তিনি প্রশাসন ও রাজনৈতিক শক্তিশালী ব্যক্তিদেরও সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকেও আমি এক মুহূর্তের জন্যও ভয় পাইনি। অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন দেওয়ার কথা বলেছে, তাই ব্যালটবাক্সে কোনো বিশেষ মার্কাকে জয়ী করার সুযোগ নেই। আমার নেতাকর্মীদের ওপর কেউ হুমকি দিচ্ছে, তার জবাব দিতে হবে।”
উদ্বোধন অনুষ্ঠানে প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শাহবাজপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মুফতি শহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবজাল হোসেন, সরাইল সরকারি কলেজের সাবেক ভিপি মো. ওসমান, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে। রুমিন ফারহানা এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং পরে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন