
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে বর্তমান সরকার এখন পর্যন্ত দিল্লিকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের হাইকমিশনের সঙ্গে একাধিক বৈঠকে বিষয়টি সরাসরি উত্থাপন করা হয়েছে। তবে আনুষ্ঠানিক কোনো চিঠি পাঠানো হয়নি; বিষয়টি বর্তমানে চলমান প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে একটি চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত নতুন করে কোনো আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়নি।
শামা ওবায়েদ বলেন, শুধু শেখ হাসিনা নয়, ভারতে অবস্থানরত অন্যান্য পলাতকদের বিষয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কূটনৈতিকভাবে বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে হাদি হত্যা মামলার আসামিদের কনস্যুলার অ্যাক্সেস এখনো পাওয়া যায়নি বলেও জানান তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যেও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
সব মিলিয়ে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি এখনো কূটনৈতিক পর্যায়ে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন