
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের তৃণমূল পর্যায়ে কেন্দ্রীয় সমন্বয় জোরদার করতে সক্রিয়ভাবে “বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক (বিজিএন)” ব্যবহার করছে। গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় থেকে পরিচালিত এই নেটওয়ার্ক মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কেন্দ্রীয় নীতিমালা এবং বার্তাগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছে।
নেটওয়ার্কটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে বিজিএন দ্রুত সময়ে দেশের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় বার্তা ছড়িয়ে দিতে সক্ষম।
বিজিএনের কার্যক্রমের অন্যতম মাধ্যম হলো “BNP Network” নামের কেন্দ্রীয় ফেসবুক পেজ। এছাড়া প্রতিটি সংসদীয় আসনের ভিত্তিতে পৃথক পেজও চালু আছে, যেমন “BNP Network Magura 1।” এসব পেজে দলীয় নীতিনির্ভর কন্টেন্ট, রাজনৈতিক অবস্থান এবং সমসাময়িক বিষয় নিয়ে প্রচারণা করা হয়। রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় পেজটিতে প্রায় ৩১ হাজার ফলোয়ার রয়েছে।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গড়ে ওঠা নেটওয়ার্ক শুধুমাত্র প্রচারণার জন্য নয়; বরং গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলাতেও সক্রিয়। কেন্দ্র থেকে যাচাইকৃত তথ্য সংগ্রহ করে তা দ্রুত তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হয় এবং অনলাইনে ছড়িয়ে পড়া অপপ্রচার ডিবাংক করা হয়।
বিশ্লেষকেরা মনে করেন, ডিজিটাল যুগে এই ধরনের নেটওয়ার্ক দলীয় সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে পারে এবং তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন