বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজার এলাকায় দুই ভাইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সন্ন্যাসী গ্রামের দুই ভাই মো. জিয়াউল হাসান ও রেজাউল আহসান-এর বিরুদ্ধে ভূমিদস্যুতা, মারধর, মিথ্যা মামলা ও জালিয়াতির অভিযোগ তোলা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মো. লুৎফর রহমান, মোশারেফ হোসেন, আব্দুর রশিদ, মো. জালাল মীর, স্বপন কুমার দত্ত, দুলাল চন্দ্র শিকদার, পান্না মিয়া, আবুল কালাম আজাদ ও লোকমান হোসেন বয়াতীসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুই ভাই এলাকায় আধিপত্য বিস্তার করেন এবং বিভিন্ন পরিবারকে হয়রানির শিকার হতে হয়। তারা দাবি করেন, প্রভাব খাটিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে একাধিক ব্যক্তির জমি দখল করা হয়েছে। এর মধ্যে দুলাল চন্দ্র শিকদারের .১১ শতক জমি ও একটি দুর্গা মন্দিরের .২৫ শতক জমি দখলের অভিযোগও তুলে ধরা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে রেজাউল আহসান বলেন, সম্প্রতি জমি সংক্রান্ত একটি তদন্তের সময় তাদের ওপর হামলা করা হয়েছে। সেই ঘটনাকে ভিন্ন খাতে নিতে মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন