
খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরীর বাটা দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পালানোর সময় স্থানীয়দের সহায়তায় আশোক নামে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নগরীর প্রাণকেন্দ্রে প্রথমে কুপিয়ে এবং পরে গুলি করে মাসুম বিল্লাহকে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।
মন্তব্য করুন