আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নাশকতা ও নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কোর্ট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ স্থানে এ মহড়া পরিচালিত হয়।
মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা অংশগ্রহণ করেন। এতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি, অস্থায়ী চেকপোস্ট স্থাপন, নাশকতা প্রতিরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দ্রুত অভিযান পরিচালনার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে। নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
ভোটাররা যাতে নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে এ মহড়া পরিচালনা করা হয়েছে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
স্থানীয়রা বলেন, যৌথ বাহিনীর এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন