
গাইবান্ধার পলাশবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। একই সঙ্গে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে নয়টি পরিবার। এ সময় খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পলাশবাড়ী পৌর শহরের হিজলগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন—মামুন মিয়া (২৫), আলো বেগম (২০), মরিয়ম বেগম (৬০) ও আতিয়ার রহমান (৫০)। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত আতিয়ার রহমান পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, হিজলগাড়ি গ্রামের ভাগী-শরীক রমজান আলী ও শহিদুল ইসলাম গংদের সঙ্গে রহমান গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার দুপুরে রমজান ও শহিদুল গং দেশীয় অস্ত্র নিয়ে আতিয়ার গংদের ওপর হামলা চালায়। এতে আতিয়ার গংদের অন্তত নয়জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পর অভিযুক্তরা আতিয়ার গংদের বাড়ি থেকে বের হওয়ার সব রাস্তা বাঁশের ঘেরা দিয়ে বন্ধ করে দেয়। এতে শিশু ও নারীসহ নয়টি পরিবারের অন্তত ২৫ জন সদস্য অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় ভুক্তভোগীদের একাধিক খড়ের পালায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন