নড়াইল জেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৩টায় নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া খাল খনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে এলাকায় সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন। তিনি আরও বলেন, সরকার নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে এবং কৃষিখাতকে শক্তিশালী করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
এর আগে বেলা সাড়ে ১২টায় নড়াইল সার্কিট হাউজে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, বর্তমান সরকার বৈষম্যহীন উন্নয়নে বিশ্বাসী। দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জন্য কাজ করাই সরকারের লক্ষ্য।
তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন