
চাঁদপুরে একটি চুরির মামলার আসামি প্রস্রাবের অজুহাতে পুলিশি পাহারা ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে জানা যায়, চাঁদপুর শহরের বাসিন্দা ইসমে আজম খান ওরফে সোহাগ ২২ জানুয়ারি সকালে বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায় জনতার হাতে চোর সন্দেহে আটক ও মারধরের শিকার হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসে এবং মামলা রুজু করে।
আহত অবস্থায় চিকিৎসার জন্য সোহাগকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় পুলিশ তার ওপর পাহারা বসায়। কিন্তু শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি প্রস্রাবের কথা বলে হাসপাতালের একটি জায়গায় চলে যান এবং কৌশলে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যান।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহ্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন