
“স্মার্ট মিরসরাই বিনির্মাণে সমস্যা, সম্ভাবনা ও করণীয়”—এই প্রতিপাদ্যে আলোচনা সভা ও মিরসরাই উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় এবং সহ-সভাপতি রাজিব মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টির প্রার্থী শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদের (চাকসু) সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাদল, লায়ন আবু তাহের এবং মিরসরাই পৌর জামায়াতের আমির শিহাব উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনার, সদস্য সচিব কামরুল হাসান লিটন, বিএনপি নেতা জাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মিরসরাইকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল সেবা নিশ্চিত করা জরুরি। তারা মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ সমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
নির্বাচন পরবর্তী সময়ে স্মার্ট মিরসরাই বিনির্মাণে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন বক্তারা। একই সঙ্গে রাজনৈতিক বিভেদ ভুলে টেকসই উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে মিরসরাই উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডারের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জানানো হয়।
এই আয়োজনের মাধ্যমে স্মার্ট মিরসরাই বিনির্মাণে সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে একটি ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।
মন্তব্য করুন