
পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তার হলফনামায় বার্ষিক আয়কর রিটার্নের তথ্যের একটি টাইপিং ভুল হয়েছিল। সেটি সংশোধন করে নিয়ম অনুসারে জমা দেওয়া হয়েছে। বাকি তথ্য সব সঠিক। কিন্তু এই বিষয় নিয়ে ইচ্ছাকৃতভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে।
বুধবার (৭ জানুয়ারি) পঞ্চগড় জেলা শহরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অ্যাক্টিভিস্ট রাজনৈতিক উদ্দেশ্যে প্রপাগান্ডা ছড়াচ্ছে। তারা প্রার্থীকে বিতর্কিত করার চেষ্টা করছে এবং বিএনপিকে স্বার্থান্বেষীভাবে ব্যবহার করছে।
সারজিস আরও অভিযোগ করেন, বিএনপির লোকজন তাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। নির্বাচনের আগে এই ধরনের কর্মকাণ্ড নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তিনি সরকার ও নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “যদি কেউ আমার বিরুদ্ধে এক-দেড় বছরে কোনো দুর্নীতির প্রমাণ পায়, তবে শাস্তি মেনে নেব। কিন্তু উদ্দেশ্যমূলক প্রপাগান্ডার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।”
সংবাদ সম্মেলনে সারজিস আলম গণমাধ্যমের ভূমিকা গুরুত্ব দিয়ে বলেন, “গণঅভ্যুত্থানের সময় মিডিয়া যেভাবে আমাদের তুলে ধরেছে, নির্বাচনে সেভাবেই নিরপেক্ষ ভূমিকা রাখার প্রত্যাশা রাখি। গণমাধ্যমের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।”
মন্তব্য করুন