
গ্রাহকদের জন্য আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো ও কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কাজ শুরু করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এ কারণে ব্যাংকটির ডিজিটাল ও শাখাভিত্তিক কিছু সেবা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে আগামী ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৯ দিন ব্যাংকটির এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়,
-৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এটিএম, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংসহ সব অনলাইন সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
-১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নগদ লেনদেনসহ ব্যাংকের সব শাখা ও উপশাখার কার্যক্রম বন্ধ থাকবে।
-৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সীমিত পরিসরে শুধু নগদ লেনদেন ও শাখাভিত্তিক কিছু ব্যাংকিং সেবা পুনরায় চালু হবে।
-৮ ফেব্রুয়ারি থেকে সব ধরনের নিয়মিত ও ডিজিটাল ব্যাংকিং সেবা পূর্ণাঙ্গভাবে চালু হবে।
ব্যাংক সূত্রে জানা গেছে, ডিজিটাল ব্যাংকিংয়ের এই যুগে লেনদেনের নিরাপত্তা জোরদার ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তাদের কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। এই বড় ধরনের কারিগরি উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সাময়িকভাবে সেবা স্থগিত রাখার প্রয়োজন দেখা দিয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সময়ের জন্য এই ‘ডাউনটাইম’-এর অনুমতি দিয়েছে।
তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ ও ৩১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) এবং ৪ ফেব্রুয়ারি শবে বরাতের সরকারি ছুটি থাকায় শাখাভিত্তিক ব্যাংকিং কার্যক্রম প্রকৃত অর্থে বন্ধ থাকবে মাত্র তিন দিন। যদিও অনলাইন ও এটিএম সেবা পুরো ৯ দিন বন্ধ থাকবে।
ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, এই আপগ্রেডেশন সম্পন্ন হলে ভবিষ্যতে আরও নিরাপদ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব হবে। গ্রাহকদের প্রয়োজনীয় লেনদেন আগেভাগে সম্পন্ন করার জন্যও অনুরোধ জানিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
মন্তব্য করুন