
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়ন এলাকায় প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের উদ্যোগে দুঃস্থ ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কালিকাবাড়ির মাসুদ মার্কেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন দুঃস্থ ও অসহায় রোজাদারের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
বিতরণ অনুষ্ঠানে সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি সদস্য হাজী নূর মোহাম্মদ শেখ, নেছার উদ্দিন শেখ ও আল ইমরান উপস্থিত ছিলেন। এছাড়া সফররত দাতা সদস্য হিসেবে অংশ নেন আমেরিকাপ্রবাসী মোশারফ হোসেন সিকদার, কুয়েতপ্রবাসী শাহাদাত খান এবং অভিভাবক প্রতিনিধি অহিদুল ইসলাম খান ও বাসার হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংগঠনের প্রতিনিধিরা জানান, তহবিলের ৬০ জন সদস্যই প্রবাসে কর্মরত এবং তারা নিজেদের উপার্জনের একটি অংশ প্রতি মাসে তহবিলে জমা করেন। সেই অর্থ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়। ২০২১ সালের জুলাই মাসে “সেবাই আমাদের লক্ষ্য” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
তারা আরও জানান, এই তহবিল থেকে স্থানীয় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি শীতবস্ত্র বিতরণ এবং অসহায় রোগীদের চিকিৎসা সহায়তাও দেওয়া হয়ে থাকে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।
মন্তব্য করুন