
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদের সমর্থনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বাদ মাগরিব এ জনসভার আয়োজন করা হয়।
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম এবং গণ অধিকার পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রাজা মিয়া। সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. ছাইদ মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ। তিনি উপস্থিত জনসাধারণের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানান। বক্তব্যে তিনি বলেন, “আমি আপনাদের পাশের গ্রামের সন্তান। আপনাদের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। আপনাদের ভোট ও ভালোবাসার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি প্রতিশ্রুতির রাজনীতি নয়, কাজের মাধ্যমে আপনাদের আস্থা অর্জন করতে চাই।” তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান। তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতৃত্বাধীন জোটই একমাত্র ভরসা। ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের হারানো অধিকার ফিরিয়ে আনবে।”
এ ছাড়া বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাউজ্জামান সুহেল, লন্ডন মহানগর বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, লন্ডন মহানগর বিএনপির সহসভাপতি আব্দুর রব, যুক্তরাজ্য বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক সম্পাদক কামাল মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা আকরামুল ইসলাম কয়েছ ও আরজু মিয়াসহ প্রবাসী নেতৃবৃন্দ।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আলী আহমদ, গণ অধিকার পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি রোমেন মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মানিক মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় আরও উপস্থিত ছিলেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছুরত মিয়া মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আকিকুর রহমান জুনু, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. দুধু মিয়া, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
জনসভাকে ঘিরে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে বিএনপি নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল সহকারে সভাস্থলে যোগ দেন। এতে পুরো চিলাউড়া বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সুনামগঞ্জ–৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনসভা শেষে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।
মন্তব্য করুন