
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ্ মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে মধ্য নগর এলাকার প্রয়াত নূর আলমের পুত্র নূর হোসেন মাহিমের শিক্ষাজীবন অব্যাহত রাখার দায়িত্ব গ্রহণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্য নগর সিনিয়র আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র নূর হোসেন মাহিম দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। পরিবারের অভিভাবক হারানোর পর পড়াশোনা চালিয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। অর্থের অভাবে শিক্ষাজীবন বন্ধ হওয়ার শঙ্কায় পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার অবস্থায় পড়ে ছিলেন এই শিক্ষার্থী।
কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে নজরে আসার পর মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ্। তিনি ব্যক্তিগতভাবে নূর হোসেন মাহিমের শিক্ষাসংক্রান্ত ব্যয় বহনের উদ্যোগ নেন এবং তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। ফলে শিক্ষার্থীর জীবন নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে।
এ বিষয়ে আমান উল্লাহ্ বলেন, “শিক্ষাই একটি শিশুর ভবিষ্যৎ গড়ার মূল চাবিকাঠি। আর্থিক সংকটের কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়—এটাই আমাদের সবার নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত।”
স্থানীয়রা তার এই মানবিক উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তারা বলেন, “এ ধরনের সহায়তা শুধু একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষা করে না, বরং সমাজে সহমর্মিতা ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। একই সঙ্গে সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের মানবিক কাজে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগায়।”
স্থানীয়দের মতে, আমান উল্লাহ্’র এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেবে।
মন্তব্য করুন