
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ দখল করে দেশটির তেল নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার সবচেয়ে পছন্দের কাজ।” তবে যুক্তরাষ্ট্রের ভেতরে এ ধরনের পদক্ষেপ নিয়ে সমালোচনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
খারগ দ্বীপ দখলের সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, “হতে পারে আমরা খারগ দ্বীপ নেব, আবার নাও নিতে পারি। আমাদের সামনে অনেক বিকল্প রয়েছে।” তিনি আরও ইঙ্গিত দেন, এমন পদক্ষেপ নিলে সেখানে যুক্তরাষ্ট্রকে কিছু সময় অবস্থান করতে হতে পারে।
বিশ্লেষকদের মতে, Kharg Island ইরানের তেল রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশটির প্রায় ৯০ শতাংশ তেল এই দ্বীপের মাধ্যমে রপ্তানি হয়। ফলে দ্বীপটি দখল বা এর ওপর হামলা হলে ইরানের জ্বালানি খাতে বড় ধাক্কা লাগতে পারে।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করছে। কয়েক হাজার মার্কিন সেনা ইতোমধ্যে সেখানে পৌঁছেছে এবং আরও সেনা পাঠানোর প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন