কানায় কানায় পরিপূর্ণ জনসভায় যশোরকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল জনসভায় তিনি এ ঘোষণা দেন।
সকাল থেকেই জনসভাকে ঘিরে যশোর শহর হয়ে ওঠে জনতার নগরী। ঈদগাহ ময়দানে সৃষ্টি হয় ব্যতিক্রমী দৃশ্য। আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় রাজনৈতিক ধারার শক্ত উপস্থিতি হিসেবে এই জনসভাকে দেখছেন স্থানীয়রা।
জামায়াত আমির বলেন, “আল্লাহ তায়ালার রহমতে জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে। পাশাপাশি মেডিকেল কলেজ স্থাপন, সদর হাসপাতালের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ভৌত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ যশোরবাসীর যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “আমাদের প্রতীক দাঁড়িপাল্লা। এই পাল্লার মাপে আমরা ইনশাল্লাহ কোনো কমবেশ করব না। যার যেখানে যে পাওনা, তা তার হাতে তুলে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”
ডা. শফিকুর রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “হ্যাঁ মানে আজাদী, আর না মানে গোলামী।”
জনসভায় জামায়াত ক্ষমতায় গেলে যশোরের সার্বিক উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন তিনি। একই সঙ্গে ১০ দলীয় জোটের যশোর অঞ্চলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান নেতারা।
জামায়াত আমিরের সফরকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জনসভা সুষ্ঠু ও সফল করতে মাঠে দায়িত্ব পালন করেন শত শত স্বেচ্ছাসেবক।
জনসভায় উপস্থিত ছিলেন যশোর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা সম্পাদক আবুল হাশিম রেজাসহ জেলা ও মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন