আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–৬ (হাকিমপুর–ঘোড়াঘাট) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছে হাকিমপুর পৌর কৃষকদল।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাকিমপুর পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আজাদ খানের নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ওয়ার্ডে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে কৃষকদলের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের কৃষক সমাজ আজ চরম সংকটে রয়েছে। কৃষিপণ্য উৎপাদনের খরচ কয়েকগুণ বৃদ্ধি পেলেও কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে কৃষকের জীবনমান দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।
কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে হাকিমপুর পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আজাদ খান বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের কৃষকেরা অবহেলা ও বৈষম্যের শিকার। সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ প্রতিবছর বাড়লেও কৃষকের ন্যায্য পাওনা নিশ্চিত করা হয়নি। এর ফলে কৃষকরা ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছে এবং অনেকে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, এই সংকট থেকে উত্তরণে একটি কৃষকবান্ধব সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। বিএনপি অতীতেও কৃষকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কৃষকের অধিকার ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিএনপি সরকার গঠন করলে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর কৃষকদলের সভাপতি বিপ্লব আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোফাখারুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলামসহ কৃষকদল ও বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় ধানের শীষ প্রতীক সংবলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
নেতাকর্মীরা জানান, আগামীতেও ধারাবাহিকভাবে গণসংযোগ ও জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে এবং ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলা হবে।
মন্তব্য করুন