সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিকদের সংগঠন ‘জগন্নাথপুর সাংবাদিক ফোরাম’-এর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে পৌর শহরের মাদিহা প্লাজায় আয়োজিত এ সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি এবং পরিচালনা করেন দপ্তর সম্পাদক ইকবাল হোসাইন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মোঃ মঈনউদ্দীন। এরপর সংগঠনের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন ফোরামের কার্যকরী কমিটির সদস্য রিয়াজ রহমান, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমীন, নির্বাহী সদস্য মোঃ মুকিম উদ্দিন, নির্বাহী সদস্য দোলন মিয়া, সদস্য মিজানুর রহমান মিজান এবং সদস্য জামাল হোসাইনসহ অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের স্বার্থরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে—দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হুমায়ূন কবীর ফরীদিকে আহ্বায়ক, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক সিলেট বানী পত্রিকার বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ আল-আমীন এবং দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি ইকবাল হোসাইনকে সদস্য হিসেবে।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২০২৬ সালের জুন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে আহ্বায়ক কমিটিকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।
সভার বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার সংরক্ষণ ও ন্যায্য দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন