ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাসিনা খান চৌধুরীর বক্তব্যে আবেগে আপ্লুত হয়ে পড়েন হাজারো ত্যাগী নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাঁর বক্তব্য শুনে অনেককে অঝোরে কাঁদতে দেখা যায়। নির্বাচনী উত্তাপের মধ্যেই এই আবেগঘন কর্মী সমাবেশ নান্দাইলের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর গ্রামে আশরাফ খান চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রাঙ্গণে বিএনপির বিদ্রোহী প্রার্থী, হাঁস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাসিনা খান চৌধুরীর বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চারবারের সাবেক সংসদ সদস্য, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর সহধর্মিণী হাসিনা খান চৌধুরী বলেন, “স্বতন্ত্র প্রার্থীর বিজয় মানেই নান্দাইলের দীর্ঘদিনের অবহেলিত, নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বিজয়। এই জয় হবে সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জয়।”
তিনি আরও বলেন, নান্দাইলের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং প্রয়াত খুররম খান চৌধুরীর অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে হাঁস প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান।
নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন নাসের খান চৌধুরী। তিনি বলেন, “আমি আমার মমতাময়ী মাকে আপনাদের হাতে আমানত হিসেবে তুলে দিয়েছি। রাষ্ট্রীয় জটিলতার কারণে ফিরতে দেরি হলেও খুব শিগগিরই আপনাদের মাঝে ফিরে আসব।”
তিনি তাঁর পিতা খুররম খান চৌধুরীর রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম ও নান্দাইলবাসীর প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা স্মরণ করলে সমাবেশস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাঁর বক্তব্য শুনে উপস্থিত বহু নেতাকর্মী ও সাধারণ মানুষকে অঝোরে কাঁদতে দেখা যায়। এ সময় তারা হাত উঁচিয়ে হাঁস প্রতীককে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও বারবার কারানির্যাতিত নেতা এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি হবে নান্দাইলবাসীর মুক্তির দিন। হাসিনা খান চৌধুরীর বিজয় হবে রাজপথের লড়াকু সৈনিকদের বিজয়।”
এ কর্মী সমাবেশে নান্দাইল পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নের বিএনপির সুবিধাবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সমাবেশে অংশ নেওয়া সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, আসন্ন নির্বাচনে হাঁস প্রতীকই হতে পারে নান্দাইলের রাজনীতিতে বিজয়ের মূল শক্তি।
মন্তব্য করুন