
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ে হঠাৎ করে বেজে উঠল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। শনিবার (৭ মার্চ) সকালে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় ছোট একটি মাইকে এই ভাষণ প্রচার করা হয়।
জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রচার করেন। ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ৫ আগস্ট পরবর্তী সময়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় লাগানো হয়েছে ছোট একটি মাইক। আর তাতে চলছে ৭ মার্চের ভাষণ।
কার নেতৃত্বে বা কখন এই মাইক লাগানো হয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভাষণ প্রচারের সময় দলের কোনো নেতাকর্মীকেও সেখানে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ বা কেউ মাইকটি লাগিয়ে চলে গেছেন।
তবে জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী পরিত্যক্ত এই কার্যালয়ে লাগানো মাইকের ভাষণের ভিডিও ধারণ করে নিজ নিজ ফেসবুক আইডিতে প্রচার করতে থাকেন। এতে করে এলাকায় নানা মহলে আলোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বলেন, “আমরা এ বিষয়ে শুনেছি। স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, পরে জনগণই মাইকটি খুলে নিয়ে চলে গেছে।”
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে দলটির সকল স্থাপনা ও কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ও ওই সময় ব্যাপক ভাঙচুরের শিকার হয়। পরবর্তীতে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।
মন্তব্য করুন