কুষ্টিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
সকালে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের যথাযথ মূল্যায়ন, জুলাইয়ের চেতনার বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদদের অবদান এবং নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন