জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ও সাহসী যোদ্ধাদের স্মরণে খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।
সকাল ১০টায় প্রথমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া। পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধারাও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো আয়োজনটি শ্রদ্ধা ও স্মরণে মুখর হয়ে ওঠে।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আন্দোলনে অংশ নেওয়া সাহসী যোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন