ময়মনসিংহের ১৫৪ নান্দাইল আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম চানের সমর্থনে রবিবার চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হলো ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভা, যেখানে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, “জামায়েতে ইসলাম ক্ষমতায় এলে জনগণের জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করা হবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যদি জামায়েতে ইসলাম সরকারের প্রতি আস্থা রাখেন, তাহলে এমপি ও মন্ত্রীরা জনগণের কাছে ‘পাই টু পাই’ হিসাব দেবেন। বর্তমান সরকার বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হলেও, জামায়েতে ইসলামের নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর কোন বাড়ি, গাড়ি বা ব্যক্তিগত সুবিধা নেয়নি। এটি প্রমাণ করে যে আমাদের দল জনগণের স্বার্থে নিবেদিত।”
তিনি আরও সতর্ক করে বলেন, “ফ্যাসিবাদী ও দুর্নীতিবাজ কোনো নেতা আর ক্ষমতায় বসানো যাবে না। তাই নান্দাইলবাসী দূর্নীতি মুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ের ভিত্তিতে বাংলাদেশ গঠনে জামায়েত ইসলামের সমর্থিত প্রার্থী আনোয়ারুল ইসলাম চানের ফুলকপি প্রতীকে বিপুল ভোট দেবেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েমও বক্তব্য রাখেন। তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে ঐক্য ও ইসলামের ভিত্তিতে গঠিত। জনগণের সমর্থনই আগামী দেশ গঠনের মূল চালিকা শক্তি। তাই নান্দাইল আসনে আনোয়ারুল ইসলাম চানের জয় নিশ্চিত করুন।”
সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আনোয়ারুল ইসলাম চান তার বক্তব্যে বলেন, “আপনারা আমাকে নির্বাচিত করলে দেশে নজিরবিহীন জনগণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করবো। নান্দাইলের রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানসহ সকল উন্নয়ন কার্যক্রমের সুনির্দিষ্ট তালিকা জনগণের সামনে প্রকাশ করা হবে। আমি জীবন দিয়ে হলেও মানুষের উন্নয়নে কাজ করে যাবো। আমার লক্ষ্য, নান্দাইলের রাজনীতি হয়ে উঠবে দেশের জন্য উদাহরণ।”
জনসভায় অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন নান্দাইল উপজেলা জামায়েতে ইসলামীর নায়েবে আমীর কাজী শামসুদ্দ্দিন, সাবেক সেক্রেটারি নুরুল আমীন, ভারপ্রাপ্ত সেক্রেটারী মাও. হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি মাও. শামছুল ইসলাম রহমানি, মুফতি আরিফ আব্দুল্লাহ, মুস্তাফিজুর রহমান মোস্তাক, মাও. খাইরুল ইসলাম, যুব পরিষদ নেতা আরিফ খান, ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামীম। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং নির্বাচনী প্রচারণার শক্তিশালী বার্তা দেয়।
মন্তব্য করুন