‘জুলাই চেতনায় গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোড়েলগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের সংবর্ধনা, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জুলাই শহীদ মাহফুজুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জি, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম বাবুল, পৌর জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মো. মতিয়ার রহমান বাচ্চু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাশরাফি আকিব। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও জামায়াতের নেতাকর্মী, জুলাই আন্দোলনের আহত ও অংশগ্রহণকারী, শহীদ পরিবারের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জুলাইয়ের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন