সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন শতাধিক পরিবার। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বুধবার (২৭ মে) সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার “শাবিস্তা” নামের একটি বাসার ছাদে অনুষ্ঠিত ঈদের জামাতে নারী-পুরুষসহ শতাধিক মুসল্লি অংশ নেন। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকেও মুসল্লিরা অংশগ্রহণ করেন।
ঈদের নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জামাতে অংশ নেওয়া মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।
এদিকে নামাজ শেষে অংশগ্রহণকারী পরিবারগুলো ধর্মীয় বিধান অনুযায়ী কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পুরো আয়োজন ঘিরে এলাকাজুড়ে ছিল ধর্মীয় আবহ ও আনন্দঘন পরিবেশ।
মন্তব্য করুন