
বিশ্বকাপের ‘জে’ গ্রুপের অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের উদীয়মান শক্তি অস্ট্রিয়া। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচ ঘিরে আগে থেকেই শুরু হয়েছে আলোচনা।
ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস দিয়েছে ফুটবল ডেটা বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টা। ২৫ হাজার সিমুলেশন চালিয়ে তৈরি করা পূর্বাভাসে আর্জেন্টিনাকেই স্পষ্টভাবে ফেবারিট ধরা হয়েছে।
অপ্টার তথ্যমতে, ম্যাচটিতে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ। অন্যদিকে ড্রয়ের সম্ভাবনা ২১.৯ শতাংশ এবং অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১৭ শতাংশ।
আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছে। অন্যদিকে অস্ট্রিয়া জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে।
পরিসংখ্যান বলছে, অস্ট্রিয়া বর্তমানে দারুণ ফর্মে রয়েছে—সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জয় পেয়েছে তারা। সর্বশেষ ১২ ম্যাচে তাদের ১০টি জয়, একটি ড্র এবং একটি হার রয়েছে।
তবে ইতিহাস আর্জেন্টিনার জন্য কিছুটা সতর্কবার্তাও দিচ্ছে। ১৯৮২ সালের পর বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে আর জয় পায়নি আলবিসেলেস্তিরা।
ম্যাচের আগে আত্মবিশ্বাসী অস্ট্রিয়া শিবিরও। দলের তরুণ মিডফিল্ডার পল ওয়ানার বলেন, আর্জেন্টিনাকে তারা শ্রদ্ধা করে, তবে নিজেদের শক্তির ওপরও আস্থা রয়েছে তাদের।
পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম বিশ্লেষণে এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে ফল নির্ধারণ হবে পারফরম্যান্সের ওপর—এমনটাই বলছে ফুটবল বিশ্লেষকরা।
মন্তব্য করুন