রংপুরের বদরগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে বদরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক শামীম আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোমবার বদরগঞ্জ আমলী আদালত-২ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
অভিযোগে জানা যায়, প্রভাষক শামীম আল মামুন বিভিন্ন ব্যক্তিকে সরকারি ও গুরুত্বপূর্ণ চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করেন। পাশাপাশি তার বিরুদ্ধে জাল সনদ তৈরি ও ব্যবহার করে নিয়োগ পাওয়ার অভিযোগও রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, তিন বছর আগে দক্ষিণ বাওচন্ডি এলাকার ফয়সাল হকের কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যাংকের চেকের মাধ্যমে ১৬ লাখ টাকা নেন তিনি। পরে তিনি আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করা হয়।
পরবর্তীতে মামলায় এক পর্যায়ে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি জামিনে মুক্তি পান। তবে প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় সোমবার আদালতে হাজির হলে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়।
বাদী ফয়সাল হক অভিযোগ করেন, অভিযুক্ত প্রভাষক একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বহু মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন।
এদিকে, তার বিরুদ্ধে এনটিআরসিএ জাল সনদ ব্যবহারের অভিযোগও রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের এক প্রতিবেদনে সনদটি ভুয়া বলে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভনে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করা হলেও এখন বিষয়টি আইনের আওতায় এসেছে।
মন্তব্য করুন